মধ্যপ্রাচ্যে শান্তির ইঙ্গিত, কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা দেখা দিতেই বিশ্ব তেলবাজারে নেমেছে স্বস্তির হাওয়া। ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাব এবং সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির কারণে তেলের দাম কমতে শুরু করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমে এসেছে।
এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র হওয়ায় তেলের দাম রেকর্ড প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। যদিও সাম্প্রতিক সময়ে দাম ১০০ ডলারের নিচে নেমেছে, তবে পুরো সপ্তাহজুড়ে তা ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।
এদিকে ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়েও আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে।” তার এই বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।
ভিওডি বাংলা/এমএস







