বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

টানা সরকারবিরোধী আন্দোলনের চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে দলীয় সমাবেশে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতির পদ ছাড়বেন তিনি।
তবে কবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন কিংবা নতুন নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে- এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি ভুচিচ।
সমাবেশে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে তার নেতৃত্বাধীন ডানপন্থী সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি আগের চেয়েও বড় ব্যবধানে জয় পাবে। যদিও বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত তার ক্ষমতায় থাকার কথা ছিল। কিন্তু দীর্ঘ ১৪ বছরের শাসনের পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
গত নভেম্বর মাসে নভি সাদ রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পর থেকেই সার্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন জোরালো হতে শুরু করে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে চলা মাসব্যাপী বিক্ষোভ ভুচিচ সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে।
চলমান আন্দোলন নিয়ে প্রেসিডেন্ট ভুচিচ একাধিকবার বিক্ষোভকারীদের ‘বিদেশি এজেন্ট’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে বিক্ষোভ দমনে পুলিশের কঠোর অবস্থান, অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে প্রেসিডেন্টের পদত্যাগ ঘোষণার পরও আন্দোলন থামছে না। রোববার মধ্যাঞ্চলীয় শহর ক্রালিয়েভোতে নতুন করে বড় সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে আগাম নির্বাচনের দাবিতে আরও জোরালো কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য