হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার মায়া হরিণ

হবিগঞ্জের চুনারুঘাটে একটি তালাবদ্ধ ঘরে আটকে রাখা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২৭ জুন) বিকেলে হরিণটি উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, উপজেলার ভোলারজুম গ্রামের চকিদার বাড়ির ইয়াকুত মিয়ার ঘরের একটি কক্ষে হরিণটি বেঁধে রাখা হয়েছিল। খবর পেয়ে কালেঙ্গা রেঞ্জের বনকর্মীরা সেখানে অভিযান চালান।
কালেঙ্গা বন বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে ইয়াকুত মিয়া নিজেই হরিণটি আটকে রাখার বিষয়টি স্বীকার করেন। পরে বন বিভাগের সদস্যরা হরিণটি উদ্ধার করে কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ের রেসকিউ সেন্টারে নিয়ে যান।
তিনি জানান, বর্তমানে হরিণটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে সুস্থ হলে আবারও রেমা-কালেঙ্গা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বন্যপ্রাণী শিকার, আটক কিংবা অবৈধভাবে সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। হরিণটিকে আটকে রাখা কোনোভাবেই উচিত হয়নি।
তিনি স্থানীয় জনগণের প্রতি বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি কোথাও বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে না ধরে দ্রুত বন বিভাগকে জানানোর পরামর্শ দেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য