• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের যৌথ হামলা, আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি    ২৮ জুন ২০২৬, ১২:০৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। গুরুতর আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করা হয়। দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ওই মিছিল নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ অতিক্রম করে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলের বহরে অতর্কিত হামলা চালায়। তিনি দাবি করেন, হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থক। হামলার সময় ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পাগলির মেলা—শত বছরের ঐতিহ্যের গল্প
ছবি: সংগৃহীত
ফেনীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
এক বিজ্ঞপ্তিতে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত