মেসিকে বিশ্রামে রেখে জর্ডানের বিপক্ষে স্কালোনির বড় চমক

গ্রুপ পর্বের শেষ ম্যাচ হলেও আর্জেন্টিনার জন্য এটি হতে যাচ্ছে নতুন সমীকরণ মেলানোর মঞ্চ। নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় এবার মূল তারকাদের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি যাচাইয়ে নামছে বিশ্বচ্যাম্পিয়নরা।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যেই গ্রুপসেরা হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ফলে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, অধিনায়ক লিওনেল মেসিকে আজ বিশ্রামে রাখা হচ্ছে। তার বদলে আক্রমণভাগে একসঙ্গে খেলবেন লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।
এর আগে স্কালোনি একাধিকবার বলেছিলেন, দুইজন প্রথাগত স্ট্রাইকারকে একসঙ্গে খেলানো তার কৌশলের সঙ্গে পুরোপুরি যায় না। তবে গ্রুপ পর্বের এই ম্যাচের ফল আর্জেন্টিনার পরবর্তী পর্বে কোনো প্রভাব ফেলবে না বলেই ‘দি বুল’ লাউতারো এবং ‘দি স্পাইডার’ আলভারেসকে একসঙ্গে পরীক্ষা করে দেখছেন তিনি।
জাতীয় দলের হয়ে অফিশিয়াল ম্যাচে দুই ফরোয়ার্ডই দীর্ঘদিন ধরে গোলখরায় আছেন। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে কেউই অফিসিয়াল ম্যাচে গোলের দেখা পাননি। কাতার বিশ্বকাপে ৪ গোল করা আলভারেস যেমন ছন্দে ফেরার অপেক্ষায়, তেমনি লাউতারো মার্তিনেস চাইছেন বিশ্বকাপের আসরে নিজের প্রথম গোলটি করতে।
গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ছাড়া আজ আর্জেন্টিনার একাদশে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ডান হাতের অনামিকার চোট কাটিয়ে ফেরা মার্তিনেসকে ম্যাচ ফিট রাখতে পোস্টের নিচে রাখা হচ্ছে। অন্যদিকে ইনজুরি কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে।
রক্ষণভাগে নিকোলাস ওটামেন্ডির সঙ্গে খেলবেন মার্কোস সেনেসি। মাঝমাঠে দায়িত্বে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস ও জিওভানি লো চেলসো। তরুণ মিডফিল্ডার নিকো পাজেরও একাদশে থাকার সম্ভাবনা জোরালো।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল/জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লো চেলসো, নিকো পাজ, লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।








মন্তব্য