• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কৃষক দল নেতা হত্যা, বাগেরহাটে বিএনপির বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি    ২৮ জুন ২০২৬, ০২:২৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাগেরহাটে কৃষক দলের নেতা বাদল মোড়ল হত্যা এবং বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে শহরের দশানী এলাকায় আয়োজিত সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাগেরহাট-খুলনা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিস্টার মো. জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম, সৈয়দ নাসির আহম্মেদ মালেক ও শেখ শাহেদ আলী রবিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপি নেতা ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন বলেন, বাদল মোড়ল হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। তিনি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এই হত্যার নীলনকশা করা হয়েছিল। তার ভাষ্য, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জামায়াত এ ঘটনায় জড়িত।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বারুইপাড়াসহ বাগেরহাটের ৭৫টি ইউনিয়নে অরাজকতা সৃষ্টি করে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতন গণ্ডগোল সৃষ্টি করছে। এ নিয়ে সব নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। বাদল হত্যা মামলার সব আসামি গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে।’

এর আগে মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের উদ্দেশে রওনা হন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল নিহত হন। আহত হন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দান বাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার ১
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযানের অংশ হিসেবে র‌্যালি বের করা হয়। ছবি: সংগৃহীত
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক অভিযান
ছবি: ভিওডি বাংলা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইবির আরবি বিভাগের সংবর্ধনা