• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আকস্মিকভাবে এসএসসি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এ.এম.
আকস্মিক কেন্দ্র পরিদর্শন নিয়ে নতুন করে আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন: ছবি-ভিওডি বাংলা

এসএসসি ও সমমানের চলমান পরীক্ষা ঘিরে আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন কেন্দ্রে যাবেন-তা এবার আগেভাগে জানানো হয়নি, যা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল ও রহস্য।

সাধারণত পাবলিক পরীক্ষার সময় শিক্ষামন্ত্রীর কেন্দ্র পরিদর্শনের সূচি আগে থেকেই গণমাধ্যমকে জানানো হয়। কিন্তু এবার ভিন্ন কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মন্ত্রী নিজেই গন্তব্য নির্ধারণ করেছেন এবং তা কাউকে জানাননি।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। তাদের ভাষ্য, কোথায় পরিদর্শনে যাবেন—সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মন্ত্রীর ব্যক্তিগত।

শিক্ষামন্ত্রী হিসেবে এটি এহছানুল হক মিলনের দ্বিতীয় মেয়াদ। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় নকলবিরোধী অভিযানে হেলিকপ্টার ব্যবহার করে দেশের বিভিন্ন কেন্দ্রে আকস্মিক অভিযান চালিয়ে আলোচনায় আসেন তিনি।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এবারও প্রয়োজনে হেলিকপ্টারে বিভিন্ন জেলায় গিয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে পারেন। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে ‘হেলিকপ্টার মিলন’ নামেও উল্লেখ করছেন।

এদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী।

প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থীরা দিচ্ছে কোরআন মাজিদ ও তাজভিদ, আর কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রশ্নফাঁস ঠেকাতে ডিজিটাল নেটওয়ার্ক
প্রশ্নফাঁস ঠেকাতে ডিজিটাল নেটওয়ার্ক
৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
যেসব নিয়ম ভঙ্গ করলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূতাবাস
যেসব নিয়ম ভঙ্গ করলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূতাবাস