• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এ.এম.
নানক-তাপস: ছবি-ভিওডি বাংলা

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৯ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি আজ অনুষ্ঠিত হবে। 

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, নির্ধারিত কার্যক্রম অনুযায়ী শুনানির শুরুতে প্রসিকিউশন তাদের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের অব্যাহতির (ডিসচার্জ) আবেদন জানিয়ে শুনানি করবেন।

এর আগে, গত ১৫ এপ্রিল একই বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা পিছিয়ে দেওয়া হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো শুনানির তারিখ পরিবর্তন করা হয়।

সেদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সময়ের আবেদন জানিয়ে বলেন, “আমরা এক সপ্তাহ সময় চাই। নির্ধারিত তারিখে প্রথমে প্রসিকিউশন এবং পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে।” আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন করে আজকের দিন ধার্য করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জন। তাদের মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন চারজন। তারা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

অন্যদিকে, বেশ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

পলাতক আসামিদের পক্ষে ট্রাইব্যুনাল থেকে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, চলতি বছরের ৮ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল। তবে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করার অভিযোগ তুলে আসামিপক্ষের আইনজীবীরা আপত্তি জানান। পরে আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে শুনানির তারিখ পরিবর্তন করেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন দমনে মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সহিংসতা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, নির্দেশনা এবং উপস্থিতিতে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবিক বিবেচনায় জামিন পেলেন যুব মহিলা লীগ নেত্রী
বিস্ফোরক আইনের মামলা মানবিক বিবেচনায় জামিন পেলেন যুব মহিলা লীগ নেত্রী
পলকের ফোনে ইন্টারনেট বন্ধের নির্দেশনা
ট্রাইব্যুনালে সাক্ষ্য পলকের ফোনে ইন্টারনেট বন্ধের নির্দেশনা
চাঁদা না পেয়ে গার্মেন্টস মালিককে গুলি, গ্রেপ্তার ২
চাঁদা না পেয়ে গার্মেন্টস মালিককে গুলি, গ্রেপ্তার ২