হাইকোর্টে একদিনে ৬,১৯৯ অমীমাংসিত মামলা নিষ্পত্তি

হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরোনো মামলার জট কমাতে চলমান বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুন) একদিনেই উল্লেখযোগ্য সংখ্যক ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৬,১৯৯টি দীর্ঘদিনের অমীমাংসিত মামলা নিষ্পত্তি করা হয়।
চলমান এই কার্যক্রমের আওতায় গত তিন কার্যদিবসে (প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন করে) সর্বমোট ১৩,২৮৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার দীর্ঘসূত্রিতা কমানো এবং ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিগত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চসমূহে পুরোনো মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে বিশেষভাবে নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়। মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী বিচারপতিরা প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দীর্ঘদিন ঝুলে থাকা মামলা নিষ্পত্তিতে সক্রিয় ভূমিকা রাখছেন।
এই বিশেষ কর্মসূচির মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি আদালতের দীর্ঘদিনের মামলার চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তির ফলে বিচার ব্যবস্থার গতিশীলতা আরও বৃদ্ধি পাচ্ছে।
বিচার বিভাগ জানিয়েছে, এই কার্যক্রম শুধু সাময়িক উদ্যোগ নয়, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জা







