• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বজ্রপাতে চার জেলায় ৯ জনের মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পি.এম.
প্রতীকী ছবি

নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালীতে বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বেলা দুইটার মধ্যে এসব ঘটনা ঘটে।  সবচেয়ে বেশি তিনজন করে নেত্রকোনায় ও সুনামগঞ্জে। এছাড়া হবিগঞ্জে কৃষকসহ দুইজন ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে।

খালিয়াজুরিতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বাঘবেড় গ্রামের বাসিন্দা মো. আবদুল মোতালেব, খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ ওরফে পালান ও সিরাজগঞ্জ জেলার শতর উপজেলার মেচরা ইউনিয়নের আকনাদিঘির চর গ্রামের মো. শুভ মণ্ডল। আর হবিগঞ্জের নবীগঞ্জে মারা যাওয়া ব্যক্তির নাম উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মোতালেব সকালে খালিয়াজুরিতে জগন্নাথপুর ফেরিঘাটে নদে বড়শি ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ করে ঝড়–বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। বেলা ১১টার দিকে উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ বাড়ির সামনের হাওরে ধান কাটছিলেন। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।  সিরাজগঞ্জের শুভ মণ্ডল কয়েক দিন ধরে ধান কিনতে খালিয়াজুরির কৃষ্ণপুর এলাকায় অবস্থান করছিলেন। দুপুরে হাওরে ধান কেনার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামিম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।  প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে।

সুনামগঞ্জে সোমবার হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে।  বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন; জমির হোসেন (৪২) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের, জমির উদ্দিন (৪৬) মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ও আবু সালেক (২০) জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের রূপাবলী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় সদর উপজেলার দেখার হাওরে অন্য কৃষকদের সঙ্গে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক জমির উদ্দিন। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  অপর দিকে একই সময়ে বৈঠাখালি গ্রামের জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে সুরমা নদীর ঘাটে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে তিনি আহত হন।  তাকেও সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এছাড়াও আবু সালেক (২০) জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের রূপাবলী গ্রামের বাসিন্দার মৃত্যু হয় বলে জানা গেছে।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক মো. শফিকুর রহমান বজ্রপাতে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৮ এপ্রিল বজ্রপাতে সুনামগঞ্জে আরও পাঁচজন কৃষকের মৃত্যু হয়।

এদিকে, হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে।  এরমধ্যে মকছুদ আলী (৪০) নামে এক কৃষক নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  তিনি নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লার ছেলে।  এ ছাড়া বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় আব্দুল গফুরের ছেলে আব্দুস সালাম (৩৫) বাড়ির পাশে খলা থেকে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে মারা মান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় মকসুদ মিয়া তার গরু আনতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মায়ের সঙ্গে খেতে বাদাম তুলছিলেন আরাফাত হোসেন (১৮)। এর মধ্যে শুরু হয় ঝড়বৃষ্টি। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে মারা যান আরাফাত। ঘটনাটি ঘটেছে আজ বেলা পৌনে দুইটার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় লোকজন জানান, ঘটনার পর মায়ের বুকফাটা আহাজারি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আরাফাতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

আরাফাত ৬ নম্বর ওয়ার্ডের আফছার উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় খাসেরহাট এলাকায় একটি মুদিদোকান চালাতেন।  খবর পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, আরাফাত হোসেন নামের ওই তরুণ দুপুরে তার মায়ের সঙ্গে বাড়ির পাশের বাদামখেতে বাদাম তুলছিলেন। মা ও ছেলে খেতের দুই পাশে ছিলেন। এরই মধ্যে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রাঘাতে বাদাম তোলা অবস্থায় খেতেই আরাফাতের মৃত্যু হয়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার
১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার
বিধানসভা নির্বাচন: বেনাপলে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বিধানসভা নির্বাচন: বেনাপলে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ভাঙ্গুড়ায় অসুস্থ পশু জবাইয়ের চেষ্টায় জরিমানা
ভাঙ্গুড়ায় অসুস্থ পশু জবাইয়ের চেষ্টায় জরিমানা