খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিলেন ইরানের আরাগচি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বিশেষ বার্তা রুশ প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন। একই সঙ্গে মস্কোর “দৃঢ় ও অটল” অবস্থানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
বৈঠকের পর আরাগচি বলেন, “আপনাদের এই অবিচল সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।” ইরান-রাশিয়া সম্পর্ককে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে চলমান কৌশলগত সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে পাকিস্তান থেকে রওনা হয়ে রাশিয়ায় পৌঁছান ইরানের এই শীর্ষ কূটনীতিক। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে।
এই সফরের অংশ হিসেবে আরাগচি প্রথমে পাকিস্তানে যান। সেখানে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। ওই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। পরে তিনি ওমানে গিয়ে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আলোচনা করেন।
ওমান সফর শেষে সংক্ষিপ্ত বিরতির পর তিনি পুনরায় পাকিস্তানে ফিরে কিছু সময় অবস্থান করেন এবং সেখান থেকে সরাসরি মস্কোর উদ্দেশ্যে যাত্রা করেন। এই ধারাবাহিক কূটনৈতিক সফরকে ইরানের পক্ষ থেকে আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে পুতিন জানান, রাশিয়া ইরানসহ পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও স্বার্থ রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
রাশিয়া ও ইরানের মধ্যে আগে থেকেই একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে। সাম্প্রতিক সংঘাত ও মার্কিন-ইসরায়েলি চাপের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, মস্কো রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এই সংকট নিরসনের পক্ষে কাজ করছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আগ্রহী।
ভিওডি বাংলা/জা







