কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সতর্কতা জারি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে স্থানীয়দের সতর্ক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তসংলগ্ন গ্রামগুলোতে মাইকিং করে জনসাধারণকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ সতর্কতামূলক প্রচারণা চালায়।
মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জানানো হয়, প্রতিদিন বিকেল ৫টার পর সীমান্তের ১৫০ গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভেতরে প্রবেশ না করতে। পাশাপাশি সীমান্তসংলগ্ন কৃষিজমিতে কাজ করা এবং গবাদিপশু চরানোর সময় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের পর কোনো বাংলাদেশি নাগরিক যাতে সীমান্ত এলাকায় অবস্থান না করেন, সে বিষয়েও কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে পুশইন বা অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পকে অবহিত করতে স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে।
সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত নজরদারি ও খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে জনসাধারণের উদ্দেশে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও অতিরিক্ত জনবল মোতায়েন ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা মূলত শহরকেন্দ্রিক হলেও সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







