গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী ফোরকান

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর বাবা সাহাদত মোল্যা বাদী হয়ে কাপাসিয়া থানায় এই মামলা করেন। ঘটনায় নিহত শারমিন খানমের স্বামী ফোরকানকে প্রধান আসামি করা হয়েছে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মামলাটি রেকর্ড করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ফোরকান ছাড়াও অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১৭।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের বাসিন্দা শারমিন খানম (৩৫), তার তিন কন্যা সন্তান মিম খানম (১৪), উম্মে হাবিবা (৮) ও ফারিয়া (১.৫) এবং শারমিনের ভাই রসুল (২২)। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
অভিযুক্ত ফোরকান পেশায় প্রাইভেটকার চালক এবং তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, পারিবারিক কলহ, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এবং সন্দেহ থেকেই এই নৃশংস ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং তদন্ত চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে। ফরেনসিক তদন্ত এবং আলামত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র বের করার চেষ্টা চলছে।
ঘটনাটি ঘটে শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি ভাড়া বাসায়। ওই বাসায় সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেন ভাড়া থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
ভিওডি বাংলা/জা







