৫ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণ করা হবে: ত্রানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিএনপি সরকার। চলতি বছরে ১ হাজার ৫০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী। একই সঙ্গে আগামী পাঁচ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।
রোববার (১০ মে) চলতি দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে দাশের হাটের ছড়া হতে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন তিনি।

এসময় ত্রাণমন্ত্রী আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ২০ হাজার কিলোমিটার খাল খননের অঙ্গীকার রয়েছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন, যার মাধ্যমে সারাদেশে একযোগে এই উদ্যোগ চালু হয়েছে।
খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরে খাল খনন কর্মসূচি শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য