• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১২ মে ২০২৬, ০৪:১০ এ.এম.
ছবি : সংগৃহীত

বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাক। গত রোববার (১০ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তারা ডিভোর্সের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমে ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবর জানান। প্রায় দুই ঘণ্টা পর সানিয়া আশফাকও একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন। ইমাদ ওয়াসিম বিচ্ছেদের কারণ হিসেবে দীর্ঘদিনের ‘অমীমাংসিত মতভেদ’-এর কথা উল্লেখ করলেও সানিয়ার বক্তব্যে উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ।

সানিয়া আশফাক দাবি করেন, তাদের দাম্পত্য সম্পর্কে একজন ‘তৃতীয় পক্ষ’ বা অন্য এক নারীর হস্তক্ষেপ ছিল। তার ভাষ্য অনুযায়ী, ওই নারী ইমাদকে বিয়ে করতে চান এবং এ ঘটনাই তাদের সম্পর্কে চূড়ান্ত ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আবেগঘন বার্তায় সানিয়া লেখেন, 'আমার সংসার ভেঙে গেছে এবং আমার সন্তানরা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি তিন সন্তানের মা। এর মধ্যে পাঁচ মাস বয়সী একটি দুগ্ধপোষ্য সন্তান রয়েছে, যাকে তার বাবা এখনো একবারের জন্যও কোলে নেননি।'

তিনি আরও জানান, অন্য সব দম্পতির মতো তাদের সম্পর্কেও চড়াই-উতরাই ছিল, তবে সংসার টিকিয়ে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং তার স্বামীকে বিয়ে করার ইচ্ছাই দীর্ঘদিনের সম্পর্ক ভাঙনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় ইমাদ ওয়াসিম তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, সানিয়ার সঙ্গে তার পুরোনো ছবি যেন আর শেয়ার না করা হয় এবং ভবিষ্যতে সানিয়াকে যেন তার স্ত্রী হিসেবে সম্বোধন করা না হয়।

ইমাদ আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। পাশাপাশি তিনি জানান, সন্তানদের বাবা হিসেবে সব দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন।

অন্যদিকে সানিয়া আশফাক বলেন, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সময়মতো সব সত্য প্রকাশ পাবে। তিনি অভিযোগ করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের পর থেকে তিনি মানসিক নির্যাতন, দুর্ব্যবহার এবং গর্ভকালীন নিঃসঙ্গতার শিকার হয়েছেন।

সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন নীরব ছিলেন বলেও জানান সানিয়া। তার দাবি, এ বিষয়ে তার কাছে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ রয়েছে এবং তাকে চুপ থাকতে হুমকিও দেওয়া হয়েছে। তবে কোনো হুমকিতে দমে না গিয়ে আইনের মাধ্যমে জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সানিয়ার ভাষ্যমতে, তার এই বক্তব্য ব্যক্তিগত প্রতিশোধ নয়; বরং সত্য প্রকাশ এবং সেইসব নারীর পক্ষে কথা বলা, যারা নানা কারণে মুখ খুলতে পারেন না।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে ইসলামাবাদে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক। লন্ডনে তাদের প্রথম পরিচয় হয়েছিল এবং পরে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল
নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল
মিরাজের ঘূর্ণিতে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড
মিরাজের ঘূর্ণিতে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড
মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন