শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

দেশে চলমান তীব্র গরম ও আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে টানা দীর্ঘ ছুটি। চলতি বছরের শিক্ষাবর্ষের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী এ বছর প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীরা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত অবকাশ উপভোগ করবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৪ মে (রোববার) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি কার্যকর হবে।
তবে বাস্তবে শিক্ষার্থীদের ছুটির আমেজ শুরু হবে আরও দুই দিন আগে থেকেই। কারণ ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে (বৃহস্পতিবার) হবে চলতি সময়ের শেষ কার্যদিবস। ফলে ২২ মে থেকেই শিক্ষার্থীরা মূলত ছুটির প্রস্তুতি ও আনন্দে প্রবেশ করবে।
নির্ধারিত ছুটির সময়সূচি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন আবার সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস পুনরায় শুরু হবে ৭ জুন (রোববার) থেকে। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রায় ১৬ দিনের বিরতি পাচ্ছে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এবারের ছুটি তুলনামূলকভাবে দীর্ঘ করা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং তা চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করবে।
ভিওডি বাংলা/জা







