শি জিনপিংকে ‘মহান নেতা’ বললেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয় বহুল আলোচিত এ বৈঠক।
বৈঠকের শুরুতে দুই নেতা পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেন। ট্রাম্প শি জিনপিংকে ‘মহান নেতা’ ও বন্ধু বলে উল্লেখ করেন।
বৈঠকের আগে দুই নেতা লাল গালিচা অতিক্রম করে একটি মঞ্চে যান। সেখানে কুচকাওয়াজ, আনুষ্ঠানিক সংগীত এবং শিশুদের ফুল নেড়ে শুভেচ্ছা জানানোর আয়োজন করা হয়। গ্রেট হল অব দ্য পিপলের সামনে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা দিয়ে সাজানো হয়েছিল পুরো এলাকা।
এ সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক, টিম কুকসহ কয়েকজন শীর্ষ ব্যবসায়ী নেতা। উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, মার্কিন ব্যবসায়ীরা চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।
অন্যদিকে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা উচিত। তিনি বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করলে শুধু পারস্পরিক লাভই নয়, বৈশ্বিক বড় বড় সমস্যার সমাধানও সহজ হবে।
জবাবে ট্রাম্প দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক আরও উন্নত হবে।
উল্লেখ্য, গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় বৈঠকের পর এবারই প্রথম মুখোমুখি হলেন ট্রাম্প ও শি জিনপিং। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন।
ভিওডি বাংলা/আ







