ফতুল্লায় বাসায় বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে সোমবার (১১ মে) ভোর ছয়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আব্দুল কাদেরসহ চারজনকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আহত অন্য তিনজন হলেন— মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।
দগ্ধদের হাসপাতালে নেওয়া প্রতিবেশী মো. ফারুক জানান, সোমবার ভোরে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একই পরিবারের কয়েকজনকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তিনি পরিবার নিয়ে কুতুবপুর লাকিবাজার এলাকায় বসবাস করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, ফতুল্লা এলাকা থেকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে আব্দুল কাদের শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, আহতদের মধ্যে মেহেদীর শরীরের ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







