হরমুজের কাছে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। আর এই উত্তেজনার মধ্যেই ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’কে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় পাঠাচ্ছে। দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো শুক্রবার ফরাসি সংবাদমাধ্যমকে জানান, বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’ আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে।
তিনি বলেন, যুদ্ধজাহাজটি বর্তমানে আরব সাগর এলাকায় অবস্থান করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয়। একই সময়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
এদিকে ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি সামুদ্রিক চলাচল নজরদারিতে নৌ অবরোধ কার্যকর করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে অঞ্চলটিতে প্রায়ই ছোটখাটো সংঘাতের ঘটনা ঘটছে।
ভিওডি বাংলা/আ







