সুপ্রিম কোর্ট বার নির্বাচন
সম্পাদক হলেন ইবির সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২৭-এর কার্যনির্বাহী কমিটিতে সেক্রেটারি (সম্পাদক) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা গেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সম্পাদক পদে মোহাম্মদ আলী মোট ২ হাজার ৫৮২ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
এদিকে, মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন নীল প্যানেল সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের মধ্যে ১৩ টিতেই জয়লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। একই প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ২ হাজার ৯৮৪ ভোট।
গত ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ১৫ মে রাত ২টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনে শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন মহলে পরিচিত। আইন বিভাগে অধ্যয়নকালেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হয়ে সুপ্রিম কোর্ট অঙ্গনে দীর্ঘদিন ধরে বিএনপিপন্থী আইনজীবীদের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
মো. সামিউল ইসলাম/আ







