রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনার জয়

পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। রাফিনিয়ার জোড়া গোলে রেয়াল বেতিসকে ৩-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে হান্সি ফ্লিকের দল।
রোববার রাতে কাম্প নউয়ে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে বার্সেলোনার অন্য গোলটি করেন জোয়াও কান্সেলো।
গত রাউন্ডে আলাভেসের মাঠে হারের পর এই জয় দিয়ে ঘুরে দাঁড়াল কাতালান ক্লাবটি। চলতি মৌসুমে লা লিগায় ঘরের মাঠে ১৯ ম্যাচ খেলে সবকটিতেই জয় পেল বার্সেলোনা।
৩৭ ম্যাচ শেষে ৩১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৯৪। অন্যদিকে সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রেয়াল বেতিস।
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়া রবার্ট লেভানদোভস্কির জন্য এটি ছিল ঘরের মাঠে শেষ ম্যাচ। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলে আবেগাপ্লুত হয়ে পড়েন এই পোলিশ তারকা। কান্নাভেজা চোখে মাঠ ছাড়ার সময় সমর্থকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে বিদায় জানান।
ম্যাচ শুরুর আগে বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দেয় বেতিসের খেলোয়াড়রা।
ম্যাচের ২৮তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এরপর বিরতির আগে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
৬২তম মিনিটে প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
৬৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ইসকো। বক্সের ভেতরে গাভির ফাউলে ভিডিও সহকারী রেফারির সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।
তবে ৭৪তম মিনিটে পেদ্রির পাস ধরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বার্সেলোনার তৃতীয় গোল করেন কান্সেলো।
ম্যাচ শেষে লেভানদোভস্কিকে ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সতীর্থরা তাকে কাঁধে তুলে নেন এবং ক্লাব সভাপতির পক্ষ থেকে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় তার হাতে।
ভিওডি বাংলা/আ







