মেসি জাদুতে মায়ামির জয়

এক মাসেরও বেশি সময় ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন ইন্টার মায়ামি সমর্থকেরা। অবশেষে নতুন স্টেডিয়ামে চার ম্যাচ পর প্রথম জয় উদযাপন করল দলটি। রোববার নু স্টেডিয়ামে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি।
ম্যাচের ৩১তম মিনিটে গোলের সূচনা করেন মেসি। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজকে পাস দেন তিনি। সুয়ারেজ বক্সের মধ্যে বল বাড়িয়ে দিলে সেগোভিয়ার ঠেলে দেওয়া বল বাঁ পায়ের কোনাকুনি শটে জালে পাঠান আর্জেন্টাইন তারকা।
বিরতির আগে আবারও জাদু দেখান মেসি। সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জার্মান বার্তেরামেকে পাস দেন তিনি। মেক্সিকান ফরোয়ার্ড সহজেই বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
দুর্দান্ত এই রাতে আরও একটি গোল পেতে পারতেন মেসি। স্টপেজ টাইমে তার নেওয়া দৃষ্টিনন্দন ফ্রি-কিক প্রতিপক্ষ গোলরক্ষক জেমস পান্তেমিস অসাধারণ সেভে ঠেকিয়ে দেন।
এই জয়ে নতুন স্টেডিয়ামে খারাপ সময় কাটিয়ে উঠল ইন্টার মায়ামি। এর আগে সেখানে তিন ড্র ও এক হারের মুখ দেখেছিল দলটি। বিশ্বকাপ বাছাইয়ের বিরতির আগে মায়ামির আর একটি ম্যাচ বাকি। এরপর ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।
ভিওডি বাংলা/আ







