আইফোনের প্রলোভনে তরুণী ধর্ষণ, কনটেন্ট নির্মাতার গ্রেপ্তার

আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে। ঘটনাটি ভারতের ত্রিপুরার আগরতলায় ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগরতলার একজন মোবাইল ফোন ব্যবসায়ী ও স্থানীয়ভাবে পরিচিত কনটেন্ট নির্মাতা। কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে তার পরিচয় হয়। পরে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তরুণীকে আগরতলায় আসতে বলেন তিনি এবং দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে ওষুধ কিনতে ট্রেনে করে আগরতলায় পৌঁছান ওই তরুণী। পরে বধারঘাট রেলস্টেশন থেকে অভিযুক্ত তাকে মোটরসাইকেলে করে একটি হোটেলে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় এবং তাকে ভয়ভীতি দেখানো হয়।
পরে কোনোভাবে সেখান থেকে বের হয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযান চালিয়ে আগরতলার একটি মোবাইল ফোনের দোকান থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে।
ভিওডি বাংলা/আ







