যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮

ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্যকর্মীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টা ক্রমেই ব্যর্থতার মুখে পড়ছে। একই সঙ্গে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আরও জোরদার হয়েছে।
স্বাস্থ্যকর্মীদের তথ্যমতে, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ পোস্টের কাছে হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া একটি তাঁবু শিবিরে পৃথক হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের বাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করা এক যোদ্ধাকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।
এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় আল-আকসা হাসপাতালের কাছে একটি কমিউনিটি কিচেনে বিমান হামলায় অন্তত তিনজন নিহত হন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এছাড়া খান ইউনিসে গুলির ঘটনায় একজন এবং দেইর আল-বালাহে একটি বেকারির কাছে বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র।
এর আগে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, হামাসের সশস্ত্র শাখার গাজা প্রধান ইজ্জ আল-দীন আল-হাদ্দাদ গাজা সিটিতে চালানো এক হামলায় নিহত হয়েছেন। পরে হামাসও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
ভিওডি বাংলা/আ







