রাত ২টায় ব্রাজিলের দল ঘোষণা, নেইমারকে নিয়ে দ্বিধাবিভক্ত

ফিফা বিশ্বকাপের জন্য আজই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টা (ব্রাজিলিয়ান সময় বিকেল ৫টা)-য় সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি তাঁর ২৬ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন।
রিও ডি জেনিরোর বিখ্যাত ‘মিউজিয়াম অব টুমরো’-তে এই বহুল প্রতীক্ষিত দল ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। হেক্সা মিশনের এই চূড়ান্ত তালিকা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ৭০০ সংবাদকর্মী এখন রিওতে অবস্থান করছেন।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভক্তরা ঘরে বসেই এই রোমাঞ্চকর মুহূর্তটি সরাসরি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ব্রাজিলের টিভি গ্লোবো (TV Globo), স্পোরটিভি (SporTV) এবং এসবিটি (SBT)।
এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম জিই টিভি (GE TV) এবং সিবিএফ টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে খুব সহজেই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার অনুষ্ঠান দেখা যাবে।
তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখা হবে কি না, তা নিয়ে পুরো ব্রাজিল যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দেশটির জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ge (গ্লোবো এস্পোর্তে) কর্তৃক পরিচালিত একটি জরিপে ভক্তদের এই তীব্র মতভেদ পরিষ্কার ফুটে উঠেছে।
১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে হওয়া এই জরিপে অত্যন্ত সামান্য ব্যবধানে জয়ী হয়েছে ‘না’ পক্ষ। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠ সমর্থক চান না কার্লো আনচেলত্তির চূড়ান্ত বিশ্বকাপ দলে নেইমার জায়গা পান।
ভিওডি বাংলা/এসআর







