• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পশ্চিমবঙ্গ ছাড়তে ‘অবৈধ বাংলাদেশিদের’ কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ মে ২০২৬, ১২:০২ পি.এম.
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে কথিত ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ অবিলম্বে রাজ্য ছাড়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক মানুষ জড়ো হওয়ার খবরের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, রাজ্য সরকার আর কাউকে আশ্রয় দেবে না এবং দ্রুত তাদের বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) নদীয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাকিমপুর সীমান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি শুধু একটাই কথা বলব, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ভাগ আমরা কেন অন্যদের দেব?’ একই সঙ্গে জড়ো হওয়া ব্যক্তিদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি হিন্দিতে বলেন, ‘জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা’ (তাড়াতাড়ি চলে যাও, অন্যথায় সরকার যা করার তা-ই করবে)।

প্রশাসনিক বৈঠক থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অনুপ্রবেশকারীদের জেলে আটকে রেখে রাজ্যের জনগণের করের টাকা নষ্ট করার কোনো পরিকল্পনা সরকারের নেই। পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘জেলে পাঠানোর প্রয়োজন নেই। সরাসরি পুলিশ এদের আটক করবে এবং বিএসএফের (সীমান্তরক্ষী বাহিনী) হাতে তুলে দেবে।’ তিনি আরও যোগ করেন, দেশের টাকায় কাউকে বসিয়ে খাওয়ানো বা পোশাক-ওষুধ দেওয়ার কোনো মানে হয় না।

এ সময় পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কঠোরভাবে কার্যকরের ইঙ্গিত দেন নতুন মুখ্যমন্ত্রী। বিগত সরকারের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, আইন আগে থেকেই ছিল কিন্তু ভোটব্যাংকের রাজনীতির কারণে কিছু মানুষ তা প্রয়োগ করেননি। বর্তমান সরকার ভোটব্যাংকের ঊর্ধ্বে উঠে দেশ ও রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করতে বদ্ধপরিকর। সীমান্ত পয়েন্টে জড়ো হওয়া ব্যক্তিরা নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পরপরই রাজ্যে ‘বিতর্কিত’ সিএএ আইন কার্যকরের ঘোষণা দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সে সময়ই তিনি ‘অবৈধ অনুপ্রবেশকারী’ ও রোহিঙ্গাদের বিষয়ে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ (শনাক্তকরণ, বাদ দেওয়া এবং পুশ-ব্যাক) নীতি অনুসরণের জন্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীকে বিশেষ নির্দেশনা দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিকে সেই নীতিরই বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো চিলি
৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো চিলি
আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের গোপন ছক
আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের গোপন ছক
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা, ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা, ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র