হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উন্মুক্ত করা এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য ওয়াশিংটন-তেহরান সমঝোতা নিয়ে তার বক্তব্যকে ‘সত্য ও মিথ্যার মিশ্রণ’ বলে আখ্যা দিয়েছে ইরান।
শুক্রবার (২৯ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য চুক্তির বিভিন্ন শর্ত তুলে ধরেন ট্রাম্প।
তার ভাষ্য অনুযায়ী, ইরানকে ভবিষ্যতে কখনও পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে উভয় দিক থেকে কোনো ধরনের টোল ছাড়াই জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। সেখানে কোনো মাইন পাতা থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে বিস্ফোরণের মাধ্যমে বহু মাইন ধ্বংস করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ খুব শিগগিরই তুলে নেওয়া হবে। এতে বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে যেতে পারবে।
এ ছাড়া প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সহায়তায় উদ্ধার করে ধ্বংস করা হবে বলেও দাবি করেন ট্রাম্প।
তবে ট্রাম্পের এই বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানায় ইরানের সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, সম্ভাব্য চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো ট্রাম্প বিকৃতভাবে উপস্থাপন করেছেন, যাতে তিনি একটি ভুয়া বিজয় দেখাতে পারেন।
ইরানি সূত্রগুলোর দাবি, সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের কোনো ভিত্তি নেই। একই সঙ্গে হরমুজ প্রণালিতে টোলমুক্ত জাহাজ চলাচলের বিষয়টিও খসড়া চুক্তিতে অন্তর্ভুক্ত নয় বলে জানানো হয়।
তেহরানের অভিযোগ, ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করার বিষয় এবং লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এড়িয়ে গেছেন।
সূত্র: আল জাজিরা
ভিওডি বাংলা/এমএস







