ইংলিশ মিডিয়াম শিক্ষায় একক নীতিমালা আনছে সরকার: ববি হাজ্জাজ

দেশের সব ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাক্ষেত্রে সমন্বয়, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (৩ জুন) ঢাকার দ্য আগা খান একাডেমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সফরকালে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের গবেষণা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।
ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি শিক্ষার্থী মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে। তিনি জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার মাধ্যমে শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করাও সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে। তাই তাদেরকে আধুনিক দক্ষতা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধারা থাকলেও প্রত্যেক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম-যে ধারাতেই পড়াশোনা হোক না কেন, সবাইকে জাতীয় চেতনা, নাগরিক দায়িত্ববোধ এবং বৈশ্বিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।
দ্য আগা খান একাডেমির শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, আধুনিক শিক্ষার পরিবেশ এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করে ববি হাজ্জাজ বলেন, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
পরিদর্শন শেষে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
ভিওডি বাংলা/জা






