পঞ্চগড়ে মামী-ভাগ্নীকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা দায়ের

পঞ্চগড়ে মামী ও ভাগ্নীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান দুই নারী, সম্পর্কে তারা মামী ও ভাগ্নী। অনুষ্ঠান শেষে তারা দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা এলাকায় নিজ বাড়িতে ফিরে এসে ঘরে তালা দেখতে পান। পরে ভাগ্নীর আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশী পারভেজ তাদের জন্য একটি চার্জারভ্যানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রাসেল, বিশ্বজিৎসহ কয়েকজন যুবককে ডেকে আনে।
অভিযোগে বলা হয়, এক পর্যায়ে পারভেজ, রাসেল ও বিশ্বজিৎ ভাগ্নীর ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একই সময় তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা চারজন পাশের স্থানে মামীকে ধর্ষণ করে।
পরদিন ১ জুন দুই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে দুই নারী ১ জুন রাতে হাসপাতালে ভর্তি হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, এ ঘটনায় তিনজন নামীয় ও চারজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







