ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে মশাল মিছিল

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, হত্যার পরিকল্পনাকারীদের চিহ্নিতকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় শাহবাগের ওসমান হাদি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান আদনান বলেন, সরকার ক্ষমতায় আসার পর ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তিন মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে তারা সমবেত হয়েছেন। তিনি এ ঘটনায় প্রকাশ্যে আসা বিভিন্ন তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নেপথ্যের ঘটনা উদঘাটনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তিগুলো কার্যকরভাবে প্রয়োগের দাবি জানান তিনি।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট ও কার্যকর হওয়া প্রয়োজন। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
সমাবেশ থেকে আগামী শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ভিওডি বাংলা/আ







