রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণা করছেন আদালত।
দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাসের পর ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করা হচ্ছে। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় দেন।
বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানান, বেলা ১১টার দিকে রায় ঘোষণা শুরু হয়। মাত্র পাঁচটি শুনানিতে মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। গত ১ জুন অভিযোগ গঠন করা হয় এবং পরদিনই সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
রায়ের আগে সকালে কারাগার থেকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পূর্ব পর্যন্ত তারা হাজতখানায় ছিলেন।
গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ৭ জুন রায়ের দিন ধার্য করেন। চার কার্যদিবসের মধ্যেই মামলার বিচারকাজ শেষ হয়।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে নিখোঁজ হওয়ার পর রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরবর্তীতে পুলিশ অভিযানে প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং অপর আসামি স্বপ্না আক্তারকেও হেফাজতে নেওয়া হয়।
ভিওডি বাংলা/আ







