রামিসা হত্যার রায় দেশে বিচারিক প্রক্রিয়ার মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

ঢাকার পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় দেওয়া আদালতের রায়কে দেশের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত ও কার্যকর ভূমিকার কারণে মামলাটির বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংস অপরাধের ঘটনায় তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। ফলে স্বল্প সময়ের মধ্যেই মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে, যা বিচারপ্রত্যাশী মানুষের আস্থা আরও দৃঢ় করবে।
তিনি আরও বলেন, অপরাধীদের বিচারের আওতায় এনে দ্রুত রায় নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র তার দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে। এ ধরনের মামলায় দ্রুত বিচার সম্পন্ন হওয়া ভবিষ্যতে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত।
রায়ে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







