১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সহায়তা কর্মসূচি নিতে যাচ্ছে সরকার। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির সূচনা হিসেবে আগামী জুলাইয়ে পাইলট প্রকল্প চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সোমবার (৮ জুন) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাইলট ভিত্তিতে পরিবেশবান্ধব পাটজাত স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সভায় প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনী অঙ্গীকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা, মোজা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে আগামী জুলাই মাসে একটি পাইলট কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।”
তিনি জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, স্কুল ব্যাগ, স্কুলে যাতায়াত উপযোগী জুতা ও মোজা সরবরাহে সরকার একটি ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। প্রথম ধাপে কয়েক লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ববি হাজ্জাজ বলেন, এ উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৫ লাখ পাটের স্কুল ব্যাগ সরবরাহে সহায়তা করবে। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় উপজেলা ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কার্যক্রম সমন্বয় এবং দ্রুত শিক্ষার্থীদের হাতে সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা আশাবাদী, সরকারের প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই দেশব্যাপী এই পাইলট কর্মসূচি শুরু করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে লক্ষাধিক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে জুলাই,আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চার লক্ষাধিক শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে।”
তিনি বলেন, “পাইলট কর্মসূচির সফল বাস্তবায়নের ভিত্তিতে আগামী বছর আরও বৃহৎ পরিসরে কর্মসূচি সম্প্রসারণ করা হবে। পিইডিপি-৫-এর আওতায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর।”
বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এলজিআরডি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, “শিক্ষার উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করছে। কারণ শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভিত্তি।”
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







