• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাসপাতাল বন্ধ নয়, দোষীদের শাস্তির দাবি জামায়াত আমিরের

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুন ২০২৬, ০৮:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ছয় নবজাতকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং এ ঘটনায় সবাই গভীরভাবে শোকাহত। তবে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির লাইসেন্স বাতিল করাকে তিনি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন না।

তিনি বলেন, তদন্তের মাধ্যমে কোনো অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু সামগ্রিকভাবে হাসপাতালের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া সমাধান হতে পারে না।

আদ-দ্বীন হাসপাতালকে ‘গরিবের হাসপাতাল’ উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানসম্মত সেবা দিয়ে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। লাইসেন্স বাতিলের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ সেবাগ্রহীতারা।

এ ছাড়া এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ায় এখানে অধ্যয়নরত কয়েকশ শিক্ষার্থী এবং নার্সিং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে।

শিক্ষার্থী ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার সুযোগ রাখা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার ছবি টাঙালো এনসিপির শ্রমিক উইং
আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার ছবি টাঙালো এনসিপির শ্রমিক উইং
বিএনপির ৬ নেতাকর্মীকে পেটাল আ’লীগ
বিএনপির ৬ নেতাকর্মীকে পেটাল আ’লীগ
চিকিৎসক-নার্সদের ওপর হামলার নিন্দা জানালেন ডা. রফিকুল ইসলাম
চিকিৎসক-নার্সদের ওপর হামলার নিন্দা জানালেন ডা. রফিকুল ইসলাম