চলতি বছরের ফান ফুটবল উদ্বোধন করলেন প্রশাসক ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘ফান ফুটবল ২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর আরামবাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর খেলার মাঠে উপস্থিত থেকে তারা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, বিভিন্ন স্পোর্টস ক্লাবের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী দলগুলোকে বিশ্ব ফুটবলের জনপ্রিয় দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার নামে নামকরণ করা হয়। অতিথিরা খেলা উপভোগ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত চেতনা শেখায়। পাশাপাশি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তারা ক্রীড়াচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।
উদ্বোধনের মধ্য দিয়ে ‘ফান ফুটবল ২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। টুর্নামেন্টে বিভিন্ন ক্লাব, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
ভিওডি বাংলা/জা







