খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্বাক্ষর নেই। তবে বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের রাজনৈতিক কাঠামোয় এ ধরনের চুক্তিতে সর্বোচ্চ নেতার সরাসরি স্বাক্ষর করার প্রচলন নেই।
সোমবার (১৫ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কর্মকর্তা বলেন, ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সম্পাদিত পরমাণু চুক্তিতেও ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্বাক্ষর ছিল না।
তিনি বলেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থায় এ ধরনের চুক্তিতে সর্বোচ্চ নেতার স্বাক্ষর দেওয়া তার দায়িত্বের অংশ নয়। তাই বর্তমান সমঝোতা স্মারকে তার স্বাক্ষর না থাকাটা অস্বাভাবিক নয়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তার ভাষ্য, ইরানের পক্ষে আলোচনার নেতৃত্বদানকারী এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির ক্ষমতার কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সে কারণেই তিনি ইরানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকে ভার্চুয়ালভাবে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মোহাম্মদ বাঘের গালিবাফ।
ওই কর্মকর্তা বলেন, আলোচনার প্রক্রিয়া ও চুক্তির বাস্তবায়নের প্রতি অঙ্গীকার প্রদর্শনের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এতে স্বাক্ষর করেছেন।
তিনি আরও জানান, প্রাথমিক ডিজিটাল স্বাক্ষর সম্পন্ন হলেও আগামী শুক্রবার একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় এই সমঝোতা স্মারককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি, উভয় পক্ষই এটিকে ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করছে।
সূত্র : সিএনএন
ভিওডি বাংলা/আ







