যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয় বিমানটি।
ঘাঁটি সূত্রে জানা যায়, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা বিমানটি রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্ট ছিল।
এক সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কমান্ডার কর্নেল জেমস হেইস বলেন, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা রয়েছেন। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘাঁটির ভেতরেই সীমাবদ্ধ ছিল। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছিল।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে একাধিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। আর বিস্তারিত কারণ অনুসন্ধানে ছয় মাসেরও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত দূরপাল্লার বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে এটি মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই বিমান আকাশেই জ্বালানি গ্রহণ করতে পারে। সাধারণত পাঁচ সদস্যের ক্রু নিয়ে পরিচালিত হয় এটি।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। কংগ্রেসম্যান জে ওবারনোল্টে নিহতদের পরিবার ও উদ্ধারকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে কংগ্রেসওম্যান লিসা ম্যাকক্লেইন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করে জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
ভিওডি বাংলা/আ







