অস্ট্রিয়ার ম্যাচের আগে স্কালোনির ‘মধুর সমস্যা’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান দারুণভাবে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এক ‘মধুর সমস্যা’য় পড়েছেন কোচ লিওনেল স্কালোনি।
বিশেষ করে আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—কাকে শুরুর একাদশে রাখবেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। গোল না পেলেও তার শারীরিক সামর্থ্য ও নিরলস পরিশ্রমের প্রশংসা করেছেন স্কালোনি। তবে ম্যাচের ৫৫তম মিনিটে তাকে তুলে মাঠে নামানো হয় হুলিয়ান আলভারেজকে।
ঘটনাটি অনেকটাই মনে করিয়ে দেয় কাতার বিশ্বকাপের স্মৃতি। সেবারও প্রথম দুই ম্যাচে লাউতারোকে দিয়ে শুরু করলেও চোট ও ছন্দ হারানোর কারণে তৃতীয় ম্যাচ থেকে তার জায়গা দখল করেন আলভারেজ। গোড়ালির চোট কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। ফলে স্কালোনির জন্য এটি যেমন স্বস্তির খবর, তেমনি একাদশ নির্বাচনে নতুন ভাবনারও কারণ।
আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের সাবেক গোলরক্ষক কার্লোস নাভারো মন্তোয়ার মতে, এই প্রতিযোগিতা দলের জন্য ইতিবাচক।
তিনি বলেন, ‘মার্টিনেজ একজন স্বাভাবিক গোলদাতা, বক্সের ভেতরে খুবই ভয়ংকর। অন্যদিকে হুলিয়ান বক্সের ভেতরে ও বাইরে সমান কার্যকর। পাশাপাশি প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রেও সে বেশি দক্ষ।’
আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে ডান প্রান্তের রক্ষণে শুরু করেছিলেন গনজালো মন্তিয়েল। তবে দ্বিতীয়ার্ধে তার জায়গায় নামানো হয় স্কালোনির নিয়মিত পছন্দ নাহুয়েল মলিনাকে। অস্ট্রিয়ার দ্রুতগতির আক্রমণভাগ সামলাতে মলিনার শুরুর একাদশে ফেরা প্রায় নিশ্চিত।
এদিকে পায়ের পেশিতে চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি নির্ভরযোগ্য বাঁ প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকো। তার পরিবর্তে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে আর্জেন্টিনা ফুটবল সংস্থা জানিয়েছে, তাগলিয়াফিকো অনুশীলনে ফিরেছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
দল নির্বাচন প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘একটি দল গঠনে ১১ জন খেলোয়াড় প্রয়োজন। আমি সবসময় সবচেয়ে কার্যকর সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করি।’
অস্ট্রিয়ার বিপক্ষে সোমবার জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলো নিশ্চিত করবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, লাউতারো-আলভারেজের মধ্যে কাকে বেছে নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দল সাজান স্কালোনি।
ভিওডি বাংলা/আ







