• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জনগণের স্বার্থে যা যা করা দরকার, তাই করবে বিএনপি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি    ১৯ জুন ২০২৬, ০৫:০১ পি.এম.
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আলহাজ আমান উল্লাহ আমান। ছবি-ভিওডি বাংলা

ঢাকার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই ভবিষ্যতে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা করবে। তাঁর মতে, নির্বাচনের আগে ঘোষিত প্রতিশ্রুতিগুলো ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে এবং ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত নারীদের আর্থিক সহায়তার লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি কৃষকদের জন্য পূর্বে বিতরণ করা কৃষক কার্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও দাবি করেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় সক্রিয় করা হয়েছে। তাঁর ভাষায়, “একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা”-এই স্লোগানকে সামনে রেখে দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

বক্তব্যে তিনি সামাজিক শৃঙ্খলা ও মানবাধিকার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, নিরীহ জনগণের ওপর কোনো ধরনের হয়রানি বা জুলুম গ্রহণযোগ্য নয়। পৃথিবীতে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়-এটি সবাইকে মনে রাখা উচিত।

কেরানীগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি জানান, এলাকায় ইতোমধ্যে ১৭৬টি সেতু ও ব্রিজ সংস্কার করা হয়েছে। এছাড়া মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, একটি সুস্থ সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

স্থানীয় অবকাঠামো ও স্মৃতিচিহ্ন সংরক্ষণের অংশ হিসেবে তিনি জানান, ঘাটারচরে জুলাই আন্দোলনে শহীদ রিয়াজের নামে নির্মিত ‘রিয়াজ চত্বর’ শিগগিরই উদ্বোধন করা হবে। একইসঙ্গে ইটাভারা সেতুর নাম পরিবর্তন করে ‘মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন সেতু’ রাখা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “আমরা কেরানীগঞ্জকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আল-আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিবলীজ্জামান এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী