ফের কুলির চরিত্রে ওমর সানি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি আবারও কুলির চরিত্রে অভিনয় করছেন। তবে এবার বড় পর্দার বাণিজ্যিক সিনেমায় নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাকে। নতুন এই শর্টফিল্মের নাম ‘ব্ল্যাক’। সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এর শুটিং শুরু হয়েছে।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ওমর সানি। দীর্ঘদিন পর সেই পরিচিত চরিত্রের আবহ নিয়েই আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নির্মাতাদের ভাষ্য, গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতেই ব্যস্ত বাস টার্মিনাল এলাকাকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
‘ব্ল্যাক’ পরিচালনা করছেন নির্মাতা মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। চলচ্চিত্রটির মূল উপজীব্য মাদক ব্যবসা এবং সমাজে এর ভয়াবহ প্রভাব। এতে ওমর সানিকে দেখা যাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার এক কুলির ভূমিকায়।
নতুন এই কাজ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ওমর সানি। তিনি জানান, স্বল্প পরিসরের কাজ হলেও গল্পের গভীরতা অনেক বেশি। তার ভাষায়, একসময় ‘কুলি’ সিনেমাটি দর্শকের ভালোবাসা পেয়েছিল। সেই আবহ থেকেই নতুন গল্পটি তৈরি হয়েছে। যদিও এতে তার চরিত্রটি ক্যামিও ধাঁচের।
নির্মাতা মহিন খান বলেন, এটি প্রচলিত ধারার বাইরে ভিন্ন ধরনের নির্মাণ। দর্শকদের কাছে নতুন আঙ্গিকে গল্পটি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সমাজে মাদকবিরোধী সচেতনতার বার্তাও থাকবে এতে।
শুধু ওমর সানি নন, চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টিকে। নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের শেষ দিকে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘ব্ল্যাক’-এর।
ভিওডি বাংলা/জা







