• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

বিনোদন ডেস্ক    ১৯ জুন ২০২৬, ০২:৪৫ পি.এম.
‘চাওয়া পাওয়া’ নাটকের দৃশ্যধারণে ব্যস্ত অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক আবুল বাশারের জনপ্রিয় উপন্যাস ‘পবিত্র অসুখ’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। নাটকটির চিত্রনাট্য করেছেন মনসুর রহমান চঞ্চল এবং পরিচালনায় রয়েছেন রাকেশ বসু। বর্তমানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি এনটিভিতে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন তিন প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী, জাকিয়া বারী মম, এফএস নাঈম, ইন্তেখাব দিনারসহ আরও অনেককে।

নির্মাতা রাকেশ বসু জানান, ‘চাওয়া পাওয়া’ মূলত একটি পারিবারিক গল্পনির্ভর নাটক। পরিবারের সদস্যদের সম্পর্ক, আবেগ, সংকট ও নানা টানাপোড়েনকে কেন্দ্র করেই এগিয়েছে এর কাহিনি। দর্শক নাটকটির গল্পে নিজেদের জীবনের অনেক বাস্তবতা খুঁজে পাবেন বলেও মনে করেন তিনি।

ধারাবাহিকে মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। নাটকটি নিয়ে তিনি বলেন, বর্তমানে ভালো গল্পের নাটক খুব কম নির্মিত হচ্ছে। তবে রাকেশ বসু সব সময় গল্প নির্বাচন ও নির্মাণে আলাদা যত্ন নেন। এই নাটকের প্রতিটি দৃশ্যও তিনি মনোযোগ দিয়ে নির্মাণ করছেন বলে জানান এই অভিনেত্রী।

অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী বলেন, নাটকটির গল্প জীবনের খুব কাছাকাছি। তাই দর্শক সহজেই নাটকটির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। দীর্ঘদিন পর ডলি জহুরের সঙ্গে একই ধারাবাহিকে কাজ করেও আনন্দ প্রকাশ করেন তিনি। পাশাপাশি জাকিয়া বারী মম ও ইন্তেখাব দিনারের মতো শিল্পীদের উপস্থিতি কাজটিকে আরও প্রাণবন্ত করেছে বলেও মন্তব্য করেন মেমী।

নির্মাতা ও অভিনয়শিল্পীরা আশা করছেন, পারিবারিক আবেগ ও সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরা এই ধারাবাহিক দর্শকদের ভালো লাগবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা জাহের আলভী কারাগারে
আত্মহত্যায় প্ররোচনা অভিনেতা জাহের আলভী কারাগারে
অভিনেত্রীর হানিমুনের রোমান্টিক মুহূর্ত ভাইরাল
অভিনেত্রীর হানিমুনের রোমান্টিক মুহূর্ত ভাইরাল
৩৫ বছরেই না ফেরার দেশে তুর্কি অভিনেত্রী ইসি ইরতেম
৩৫ বছরেই না ফেরার দেশে তুর্কি অভিনেত্রী ইসি ইরতেম