সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানা গেছে। নতুন বেতন কাঠামোতে সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনায় রয়েছেন ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা। এর মধ্যে টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর এবারই সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। টিফিন ভাতা বৃদ্ধির খবরে সচিবালয় থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে মাসে ২০০ টাকা টিফিন ভাতা বাজারমূল্যের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বেতন কমিশন এই ভাতা বাড়ানোর সুপারিশ করেছে। এতে কর্মচারীদের দৈনন্দিন ব্যয় কিছুটা হলেও সহজ হবে বলে মনে করা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, টিফিন ভাতা মূলত ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য থাকবে।
নবম পে স্কেলে শুধু টিফিন ভাতাই নয়, আরও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ রয়েছে। এর মধ্যে রয়েছে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারণ, বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা, শিক্ষা ভাতা ২,০০০ টাকা নির্ধারণ, সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করা এবং প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা ভাতা প্রদানের প্রস্তাব।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ভিওডি বাংলা/এমএস







