আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া পার্টি।
শনিবার (২০ জুন) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের যেকোনো অস্থিরতা বন্ধে পুলিশকে অ্যালার্ট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীদের অভয়ারণ্য মোহাম্মদপুর এলাকায় ওভারনাইট অপরাধ নির্মূল করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে নিয়ে আসব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তারকৃত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ কর্তৃক তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হলেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিনদিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার সমস্ত প্রয়োজনীয় নথির প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে।
বর্তমান সরকারের কাজের গতি বিগত যেকোনো সময়ের চেয়ে দ্রুত উল্লেখ করে তিনি জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ফেডারেল এনসিবি ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবিকে জানায়, বাংলাদেশের অনুরোধে ইস্যুকৃত রেড নোটিশের ভিত্তিতে তারা বেনজীর আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তারা পরবর্তী প্রক্রিয়ার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রেরণের অনুরোধ জানায়। সেটি আমরা মাত্র তিনদিনের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।
বিভাগীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুরের সাবেক কমিশনার ড. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের বিষয়টি আইনি ও বিভাগীয় বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, সম্প্রতি চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগে তদন্ত সম্পন্ন করে মাত্র এক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কনস্টেবল, সাব-ইন্সপেক্টর এবং ওসির বিরুদ্ধে প্রত্যাহার ও সাময়িক বরখাস্তসহ কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোংলার কোস্ট গার্ড ও স্থানীয়দের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুদের দমনে কোস্ট গার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী কাজ করছে। চিহ্নিত ডাকাত মিরাজের অনুসারীরা কোস্ট গার্ডের ওপর হামলা চালালে কোস্ট গার্ড আত্মরক্ষার্থে ব্যবস্থা নেয় এবং বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকার গঠনের পর জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। জীবনের ঝুঁকি নিয়ে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে তাদের স্বীকৃতি দেয়া হবে।’
অনুষ্ঠানে সম্প্রতি নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়ায় ঢাকা মহানগরের ট্রাফিক পুলিশ মো. কামরুজ্জামানের গৃহীত পদক্ষেপ, আদাবর থানা এলাকায় বিকাশের দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তার, চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং কক্সবাজারের চকরিয়া থানার আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামি গ্রেফতারের ঘটনায় পুলিশ সদস্যদের পুরস্কার দেয়া হয়।
ভিওডি বাংলা/এফএ







