সদরঘাট-ফতুল্লা নৌপথে বালুবাহী নৌযানে অভিযান

নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং নৌযানের আইনগত ও কারিগরি মান যাচাইয়ের লক্ষ্যে ঢাকার সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত নৌপথে চলাচলরত বালুবাহী নৌযানসমূহ পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নৌপরিবহন অধিদপ্তর।
শনিবার (২০ জুন) বেলা ১১টা থেকে অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১১টি বালুবাহী নৌযান পরিদর্শন করা হয়েছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপ নিবন্ধনপত্রে উল্লেখিত পরিমাপের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া বেশ কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম (Life Saving Appliances) এবং নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি পরিলক্ষিত হয়, যা নৌনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
অভিযানে নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিভিন্ন অনিয়মে ৯টি নৌযানকে সর্বমোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনবিহীন, অননুমোদিত পরিবর্তনকৃত এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযানের বিরুদ্ধে অধিদপ্তরের তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিদর্শন ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
নৌযান মালিক ও পরিচালকদের সকল বিধি-বিধান মেনে নৌযান পরিচালনার আহ্বান জানান তিনি।
এ সময় নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এফএ







