ওসমানী মেডিকেলে মোবাইল ফোন চুরি, যুবক আটক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাত ১০টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের পুরোনো ভবনের পঞ্চম তলার ২১ নম্বর শিশু ওয়ার্ডে এক রোগীর স্বজনের ব্যাগ থেকে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চোর চক্রের কয়েকজন সদস্য কৌশলে মোবাইল ফোনটি নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে হাসপাতালে টহলরত আনসার সদস্যরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও পুরোনো ভবনের পঞ্চম তলার গেটসংলগ্ন এলাকা থেকে মো. সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে তাঁর কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।
সংশ্লিষ্টদের ধারণা, মোবাইল ফোনটি চক্রের অন্য কোনো সদস্যের কাছে ছিল, যিনি পালিয়ে গেছেন।
আনসার সদস্যরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তাঁদের নির্দেশনায় আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে হস্তান্তর করা হয়।
ভিওডি বাংলা/এফএ







