ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক

ঢাকা শহরের ভোটার তালিকা নতুন করে হালনাগাদ করার দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে ঢাকায় একটি নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রস্তুত করা প্রয়োজন।
শনিবার (২০ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালী করে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি মেম্বারদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, অতীতের নির্বাচনে অনেক ক্ষেত্রে বাড়ির মালিকদের অজ্ঞাতসারে ভাড়াটিয়াদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাকে তিনি “ভুতুড়ে ভোটার তালিকা” হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, ভোটার স্থানান্তর (মাইগ্রেশন) প্রক্রিয়াও যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি ভাড়াটিয়া হিসেবে ভোটার হলে সেখানে বাড়ির মালিকের সম্মতি বা সুপারিশ থাকা উচিত।
ইউনিয়ন পরিষদ সদস্যদের (ইউপি মেম্বার) সম্মানী ভাতা ও পরিবহন সুবিধা বাড়ানোর দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেন আবদুস সালাম। তিনি বলেন, দায়িত্ব পালন করতে হলে যথাযথ সম্মানী ভাতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পরিবহনের জন্য মোটরসাইকেল দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় নেওয়া উচিত।
গণতান্ত্রিক ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, একটি নির্বাচিত কাঠামোর মধ্যে দেশ পরিচালিত হলে ইউনিয়ন পরিষদের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে ডিএসসিসি প্রশাসক বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তাঁর মতে, সরকারের ঘোষণার আলোকে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য ও পরীক্ষিত ব্যক্তিরাই জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবেন।
ভিওডি বাংলা/খতিব/এফএ







