বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশি দর্শকদের যুক্তরাষ্ট্রের পক্ষে সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না।”
শনিবার (২০ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “একটা খুব গুরুত্বপূর্ণ কারণে আমি এখানে এসেছি। গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী পর্বে চলে গেছি।”
তিনি আরও বলেন, “আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি, যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। কেননা, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।”
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। তবে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে হওয়া এই বৈঠককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ‘রুটিন সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেছেন।
ভিওডি বাংলা/এমএস







