অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক

মানুষের প্রকৃত মূল্যায়ন হয় তার কাজের মাধ্যমে। টাকা বা প্রভাব দিয়ে নয়, বরং মানুষের ভালোবাসা ও স্মৃতির মাধ্যমে একজন ব্যক্তি চিরস্মরণীয় হয়ে থাকেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর হাজারীবাগে জাতীয় তরুণ সংঘ (জেটিএস) বয়স্ক কল্যাণ প্রকল্পের উদ্যোগে স্থানীয় নিঃস্ব বয়স্কদের মাঝে মাসিক খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, সমাজে কিছু মানুষ তাদের কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। এ প্রসঙ্গে তিনি জাতীয় তরুণ সংঘের ফজলুল ভাইয়ের দীর্ঘদিনের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
তিনি বলেন, ফজলুল ভাই দীর্ঘদিন ধরে যুবকদের সংগঠিত করে দেশব্যাপী বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। অনেকেই তাঁর সঙ্গে থাকলেও নানা কারণে আলাদা হয়ে গেলেও তিনি এখনো তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলমত-নির্বিশেষে মানুষের ভালোবাসা অর্জন করেছেন তাঁর কর্মের মাধ্যমে। তিনি বলেন, জনপ্রিয়তা কখনো দল তৈরি করে দেয় না, বরং ব্যক্তি নিজ কর্মের মাধ্যমে তা অর্জন করেন।
তিনি আরও বলেন, জীবনের সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা পাওয়া। মানুষ যখন কোনো ব্যক্তির সম্পর্কে বলে “তিনি ভালো মানুষ ছিলেন”, সেটিই প্রকৃত সাফল্য।
তিনি বলেন, ভালো মানুষ হওয়া কখনো অর্থ বা শিক্ষা দিয়ে কেনা যায় না; এটি মানুষের আচরণ ও কর্মের মাধ্যমে অর্জিত হয়।
ঢাকাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ঐতিহ্যবাহী নগরীতে রূপান্তর করা সম্ভব মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকার চেহারাও বদলানো যায়, যদি সবার সম্মিলিত প্রচেষ্টা থাকে।
তিনি আরও বলেন, ঢাকা শহরকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে হবে। বর্তমানে বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান গৌরবের নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “ঢাকাকে আমরা উদ্ধার করতে চাই, সুন্দর করতে চাই, যাতে বিদেশিরাও পুরান ঢাকার ঐতিহ্য দেখতে আসে।”
পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, বুড়িগঙ্গা, সদরঘাট, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঐতিহাসিক স্থাপনাগুলো ঢাকার পরিচয় বহন করে।
তিনি জানান, ঢাকা পৌরসভার ১৬২ বছর পূর্তি উপলক্ষে দুই দিনের “ঢাকা উৎসব” আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে।
তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই উৎসব আয়োজন করা হবে, কারণ “ঢাকা সবার শহর”।
ভিওডি বাংলা/খতিব/এমএস







