ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু

পরিত্যক্ত এক কূপে পড়ে যাওয়া ছাগলছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল নয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়াসহ এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কূপে পড়ে গেলে ছাগলটি তুলতে প্রথমে কূপে নামে নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের সাড়া না পেয়ে দ্বিতীয়বার নামে বাবুল হাদিমা। একইভাবে গাব্রিয়াল এবং শেষে রতন কূপে নামে।
একে একে কূপে নামা চারজনের কারো সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। আশপাশের লোকজন ছুটে আসে এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
ফায়ার সার্ভিস এসে অক্সিজেনহীন পরিত্যক্ত কূপে প্রক্রিয়া করে ফায়ার ফাইটার মনিরকে কূপে নামিয়ে দিয়ে একে একে তাদের লাশ উদ্ধার করে।
ভিওডি বাংলা/এমএস







