• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন বাংলাদেশ গঠনে মতুয়া দর্শন গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ১২:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে মতুয়া সম্প্রদায়ের সমাজসংস্কার ও সাম্যের দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (২০ জুন) মাগুরায় আয়োজিত ‘মাগুরা জেলা মতুয়া সম্প্রদায় সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শ্রী পদ্মনাভ ঠাকুর।

সংস্কৃতি মন্ত্রী বলেন, অপরাধীর কোনো ধর্ম নেই। যে অপরাধ করে, সে-ই অপরাধী—তার ধর্মীয় পরিচয় এখানে বিবেচ্য নয়। সব ধর্মই শান্তি, সাম্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে বাংলায় যে সামাজিক ও আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছিল, তা শুধু ধর্মীয় আন্দোলন ছিল না; বরং অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং কুসংস্কারের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন ছিল।

‘হাতে কাজ, মুখে নাম’ দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ আদর্শ মানুষের আত্মনির্ভরশীলতা ও মর্যাদাবোধকে শক্তিশালী করেছে।

মাগুরা জেলার মতুয়া সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও উৎসব সংরক্ষণে সরকারি উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন। তিনি মতুয়া সম্প্রদায়ের শিক্ষা, কর্মসংস্থান এবং ভূমিসংক্রান্ত সমস্যার সমাধানে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এ ছাড়া মতুয়া সম্প্রদায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো অনুসারী সম্মেলনে অংশ নেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় প্রধান শিক্ষকসহ ৭ জনের নিয়োগে জালিয়াতির অভিযোগ
পাবনায় প্রধান শিক্ষকসহ ৭ জনের নিয়োগে জালিয়াতির অভিযোগ
রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক
রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক
দেয়াল কেটে ১৪০০ ভরি অলঙ্কার লুট
দেয়াল কেটে ১৪০০ ভরি অলঙ্কার লুট